এবার ঈদুল ফিতরের সময় দেশের সড়ক-মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক অব্যবস্থাপনা ও যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ঈদযাত্রার সময়টায় রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত; নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, একজন আহত ও একজন নিখোঁজ হয়েছেন।
সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছেন।
সংগঠনটি জানায়, বরাবরের মতো এবারো দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছেন যা মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫ শতাংশ, নিহতের ৪৬.৮৯ শতাংশ এবং আহতের ১৮.৭৬ শতাংশ প্রায়।
তবে এবার দীর্ঘ ছুটির কারণে ধাপে ধাপে বাড়ি ফেরার সুযোগ হওয়ায় দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কমেছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সূত্র : বিবিসি