রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় কবির সিকদার (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (১১ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কবির মাদারীপুর জেলা কালকিনি উপজেলার এলাকার আলমগীর শিকদারের ছেলে। তিনি পূর্ব রামপুরার নিরিবিলি গলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ পলাশ বলেন, ভোরের দিকে কবির হোসেন অটোরিকশা চালিয়ে রামপুরা টিভি সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।