ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো: হাফিজুর রহমান (৪২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকালে দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো: শরীফ জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মো: হাফিজুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি। তিনি বরগুনা জেলার কলারোয়া থানার বৈদ্বপুর গ্রামে মো: আলিম উদ্দিন শেখের ছেলে। তবে কী মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।