সৃজনশীল সাহিত্য পত্রিকা প্রেক্ষণের সম্পাদক, বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক খন্দকার আব্দুল মোমেনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, সেক্রেটারি ইবরাহীম বাহারী।
৭৮ বছর বয়সী অধ্যাপক খন্দকার আব্দুল মোমেন শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
আজ শনিবার বাদ জোহর রাজধানীর শ্যামলীর বাদশা ফয়সাল স্কুল জামে মসজিদে মরহুমের জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
কর্মজীবনে খন্দকার আব্দুল মোমেন দারুল ইহসান ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তামিরুল মিল্লাত মাদরাসার বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।
তিনি সাহিত্য-সংস্কৃতি কর্মেকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘ দিন বাংলা সাহিত্য পরিষদের পরিচালক ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন কবি মোশাররফ হোসেন খান, বিশিষ্ট সাহিত্য সংষ্কৃতি সংগঠক অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মনোয়ার হোসেন, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, কথা সহিত্যিক হারুন ইবনে শাহাদাত।
শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। প্রেস বিজ্ঞপ্তি