প্রথিতযশা শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার সকাল ১০টা ৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজ রোববার বিকেল ২টা ৩০ মিনিটে তার লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে রাখা হবে। এরপর আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

হামিদুজ্জামান খানের সহধর্মিণী ও চিত্রশিল্পী আইভি জামান জানান, গত ১৭ জুলাই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে লাইফ সাপোর্টে নেয়ার পর আজ সকালে তিনি মারা যান।

সূত্র : বাসস