রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টা পর্যন্ত বজ্র অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্র অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।