অনেক সমীকরণ আর বিতর্ক পেরিয়ে এশিয়া কাপ হকি খেলছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই খেয়েছে হোচট। এগিয়ে থেকেও শেষ হাসি হাসতে পারল না টাইগাররা। উদ্বোধনী ম্যাচে হেরে গেছে মালয়েশিয়ার কাছে।
শুক্রবার (২৯ আগস্ট) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও মালয়েশিয়া। যেখানে ৪-১ ব্যবধানে হারে লাল-সবুজের দল।
এবারের আসরে বাংলাদেশের খেলার কথা ছিল না। এএইচএফ কাপে বাংলাদেশ ব্যর্থতার পরিচয় দিয়ে এশিয়া কাপে খেলার সুযোগ হারায়। প্রথমবারের মতো এশিয়া কাপে উঠতে ব্যর্থ হয় টাইগাররা।
তবে রাজনৈতিক কারণে পাকিস্তান আসর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় বাংলাদেশের সামনে এশিয়া কাপ খেলার সুযোগ আসে আচমকাই। তবে দল দিতে গিয়েও তৈরি হয় বিতর্ক, তিন সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে গঠন করা হয় স্কোয়াড।
এদিকে এশিয়া কাপে সুযোগ পেয়েও প্রথম ম্যাচে কাজে লাগাতে পারল না বাংলাদেশ। যদিও শুরুটা হয় দুর্দান্ত। প্রতিপক্ষ একাধিকবার সুযোগ তৈরি করতে চাইলেও ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্য ড্র’য়ে। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ, পেয়ে যায় উপলক্ষ।
দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মশিউর রহমানের দল। দ্রুতই সমতা ফেরায় মালয়েশিয়া।
২৪ মিনিটে আশ্রান হামসানি গোল করলে ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার। জমে উঠে লড়াই। তৃতীয় কোয়ার্টারে দু’দলই গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করে। সুযোগ খুঁজতে থাকে এগিয়ে যাওয়ার।
অবশেষে ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন আখিমুল্লাহ। স্কোরলাইন ২-১, এরপর বাংলাদেশ আক্রমণ চালালেও গোল আদায় করতে পারেনি।
উল্টা চতুর্থ কোয়ার্টারে আরো ২ গোল হজম করে লাল-সবুজরা। তাতে শেষ পর্যন্ত ৪-১ গোলে হারে বাংলাদেশ। হার দিয়েই শুরু হলো এশিয়া কাপ মিশন।
শনিবার দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ, আর সোমবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।