হাজার গোলের দিকে ক্রমশ ছুটে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসেরের হয় করেছেন জোড়া গোল। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে উড়িয়ে দিয়েছে তার দল।

প্রায় ২০ মাস আর ৭ ম্যাচ পর রিয়াদ ডার্বিতে জিতলো আল নাসের। সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের মাঠেই ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে তারা।

আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোলের দেখা মেলেনি অনেকক্ষণ। পরে ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে যায় আল-নাসের। গোল করেন আলি আল-হাসান।

কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ক্রসে জালে জড়ান এই মিডফিল্ডার। তাতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসের। বিরতি থেকে ফিরেই ব্যবধান আরো বাড়িয়ে নেয় আল-নাসর।

এবার গোল করেন রোনালদো। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন সাদিও মানে। পেনাল্টি সীমানার সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান পর্তুগিজ বরপুত্র।

প্রতি আক্রমণে এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আল-হিলাল। ৬২তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় তারা। কর্নার থেকে বল পেয়ে হেডে জালে জড়ান আলি আল বুলায়হি।

তবে তারা সমতায় ফেরার সুযোগ পায়নি। উল্টা ৮৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। যা আর পরিবর্তিত হয়নি।

এদিকে জোড়া গোলের পর সৌদি প্রো লিগে রোনালদোর গোল হলো ৭০টি। হাজার গোলের লক্ষ্য পূরণের দিকেও তিনি এগিয়ে গেলেন আরো দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩১টি।