ম্যাচটাই খেলতে চায়নি বার্সেলোনা। এরপর মাঠে নামলেও নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না। তবুও অবশ্য জয় পেতে সমস্যা হয়নি কাতালানদের, লা লিগার ম্যাচে বৃহস্পতিবার ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।

ওসাসুনার বিপক্ষে বার্সার এ ম্যাচ খেলার কথা ছিল গত ৮ মার্চ। কিন্তু সেদিন নিজেদের চিকিৎসক মারা যাওয়ায় স্থগিত হয়ে যায় ম্যাচটি। এরপর গত রাতে ম্যাচটি খেলার জন্য নতুন সূচি নির্ধারণ করা হয়।

ব্যস্ত সূচি থাকায় অবশ্য ম্যাচটি খেলতে চায়নি বার্সা। তবে শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়ে খেলতে নামলেও মনযোগ বিঘ্ন হয়নি। এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করল তারা, বাড়িয়েছে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান।

একইসাথে ওসাসুনার বিপক্ষে মধুর প্রতিশোধ নিলো বার্সা। দু’দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে হেরেছিল কাতালান ক্লাবটা। ঘরের মাঠে এর মধুর প্রতিশোধ নিলো তারা।

প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বার্সা বিরতির আগেই আদায় করে নেয় ২ গোল। ১১তম মিনিটে ডি ইয়ংয়ের দারুণ এক পাস থেকে ক্রস করেন আলেহান্দ্রো বাল্দে। যা খুঁজে পেয়ে জালে জড়ান ফেরান তোরেস।

২১তম মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন ওলমো। স্প‍্যানিশ এই ফরোয়ার্ডকেই ওসাসুনা গোলরক্ষক ফাউল করাতেই পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা।

গোল করার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ওলমো। মৌসুমে তৃতীয়বারের মতো চোট পেয়ে ২৭তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। বদলি নামেন ফের্মিন লোপেস। চলতে থাকে একের পর এক আক্রমণ।

তবে বল আর জালে না জড়ানোয় ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। বিরতি থেকে ফিরেও ধরে রাখে দাপট। একের পর এক আক্রমণ চালিয়ে যায়। তবে তৃতীয় গোল পেতে বেশ অপেক্ষা করতে হয় তাদের।

৭৭তম মিনিটে চমৎকার পাল্টা আক্রমণে ব‍্যবধান বাড়ায় বার্সেলোনা। নিজেদের ডি বক্সের সামনে থেকে বাড়ানো বল ধরে লোপেস দারুণ ক্রসে পাঠান লেভানডফস্কিকে। অসাধারণ হেডে বাকিটা সারেন ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার।

শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। আর এই জয়ের ফলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান আরো বাড়িয়ে নিলো তারা। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০।