সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়েই করেছে বাংলাদেশের মেয়েরা। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে প্রথম ম্যাচেই বাঘিনীদের শিকার স্বাগতিক ভুটান।

আজ বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হারাতে জোড়া গোল করেছেন আলপি আক্তার। অন্যটা এসেছে সৌরভী আকন্দের পা থেকে।

দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলপি আক্তারের কাছের পোস্টে নেয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। ১৯তম মিনিটে ভালো সুযোগ এসেছিল, এবারো ত্রাতা স্বাগতিক গোলকিপার।

প্রথমার্ধে এমনি বার বার আক্রমণে উঠলেও গোলমুখে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন ফরোয়ার্ডরা। সুযোগ মিলছিল, কিন্তু গোল হচ্ছিল না। গোলশূন্য অবস্থায় যখন বিরতিতে যাবে, তখনই মেলে গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে হাসে ভাগ্য। আরিফা আক্তারের লম্বা পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে বল জালে জড়ান প্রীতি। শরীর দিয়ে বল ঠেলে দেন তিনি। গোলরক্ষক এবার আর বাধা হতে পারেননি।

বিরতির পরও একই ধারায় আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। ৫৪তম মিনিটে দারুণ এক গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আলপি। বক্সের ঠিক বাইরে থেকে নেয়া তার নিঁখুত শট ভুটান গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

কিন্তু সাত মিনিট পর গোলরক্ষকের অদক্ষতায় গোল হজম করে বসে বাংলাদেশ। ব্যবধান কমায় ভুটান। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে দুর্বল শট নিয়েছিলেন কুয়েনদেন সোনাম।

কিন্তু সামনে পড়ে লাফিয়ে ওঠা বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন গোলরক্ষক মেঘলা রানী রায়। বল নাগালে পেয়ে সহজ শটে জালে জড়ান রিনজিন ডেমা চোদেন। স্কোর তখন ২-১।

তবে বাংলাদেশে তখনো থামেনি, চার মিনিট পরই আবার ব্যবধান বাড়ায়। ৬৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের ভিড়ের মধ্যে হঠাৎ দেখা দেন আলপি। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে নেন তিনি।

তিন মিনিট পর চতুর্থ গোলের দেখাও পেয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে গোলবারে এক ডিফেন্ডারের নৈপুণ্যে গোল হজম থেকে রক্ষা পায় ভুটান। ম্যাচের শেষ পর্যন্ত গোলের উদ্দেশে আরো একাধিক শট নেয় লাল সবুজরা।

কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ৩-১ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

বয়সভিত্তিক সাফে এ পর্যন্ত সাতবার শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। তবে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এখনো ট্রফি ওঠেনি হাতে। এবার সুযোগ এসেছে সেই আক্ষেপ ঘোচানোর।

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সেই স্বপ্নপথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল। তবে আসল পরীক্ষা আগামী শুক্রবার (২২ আগস্ট)। সাফ যাত্রায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত।