আইপিএলের কারণে এমতেই চাপে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে নেই অনেক পরিচিত মুখ। এর মাঝেই এলো আরো এক দুঃসংবাদ, চোটে পড়েছেন টম লাথাম, দল থেকে ছিটকে গেছেন তিনিও।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলমান নিউজিল্যান্ডের। সদ্যই শেষ হয়েছে টি-টোয়েন্টির লড়াই, এবার শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে না কিউইরা। নতুন এক দল নিয়েই খেলবে তারা।
আইপিএলের কারণে ওয়ানডে সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্র। পিএসএলে ডাক পাওয়া কেন উইলিয়ামসনও এই সিরিজে নেই।
তাছাড়া ‘ওয়ার্কলোড’ বিবেচনায় ওয়ানডে সিরিজে নেই কাইল জেমিসন। চোটের কারণে নেই ম্যাট হেনরিও। নিয়মিত ক্রিকেটাররা না থাকায় লাথামকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গেলেন তিনিও। অনুশীলনে চোট পেয়েছেন। আঙুলে চিড় ধরা পড়েছে তার। ফলে তার বদলে এখন ওয়ানডে নেতৃত্ব দেবেন মিচেল ব্রেসওয়েল। প্রথমবারের মতো ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন তিনি।
২৯ মার্চ নেপিয়ারে শুরু সিরিজের প্রথম ওয়ানডে, ২ ও ৫ এপ্রিল পরের দুই ম্যাচ হবে যথাক্রমে হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে।
নিউজিল্যান্ড ওয়ানডে দল : হেনরি নিকোলস, মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ ও উইল ইয়াং।