শুরুটা যদিও ভালো হয়নি, তবে শেষটা চাওয়া মতোই হয়েছে রিয়াল মাদ্রিদের। ভিয়ারিয়ালের বিপক্ষে পেয়েছে কাঙ্ক্ষিত জয়। জোড় গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান উদ্ধার করেছে লস ব্লাঙ্কোজরা।
এল মাদ্রিগালে শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে টপকে গেছে কার্লো আনচেলত্তির দল। ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট তাদের।
আক্রমণাত্মক শুরুর পর গোল আদায় করতেও সময় নেয়নি ভিয়ারিয়াল। ম্যাচের পাঁচ মিনিট যেতেই পরপর দু’টি শট ঠেকিয়ে দিলেও বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি থিবো কোর্তোয়া।
সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কর্নার থেকে আসা প্রথম আক্রমণ কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ফিরতি বল পেয়ে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়থ।
তবে সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি লস ব্ল্যাঙ্কোসরা। ১৭তম মিনিটে এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।
এর ৬ মিনিট পরই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতে স্কোর হয় ২-১।
এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। যদিও একের পর এক আক্রমণ করে যায় ভিয়ারিয়াল, ভয় ছড়াতে থাকে রক্ষণে। তবে গোলবারে লড়ে যান থিবো কোর্তোয়া।
তাতে ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে রিয়াল শীর্ষে উঠে এলেও মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে বার্সা। তবে দুই ম্যাচ কম খেলেছে তারা। আর ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়ারিয়াল।