লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম পার করে রেকর্ড গড়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ)’ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মোহামেদ সালাহ।

মঙ্গলবার (১৯ আগস্ট) ম্যানচেস্টারে আয়োজিত অনুষ্ঠানে মিশরীয়ান এই তারকা ফরোয়ার্ডকে এ সম্মাননা তুলে দেয়া হয়।

এর আগে ২০১৮ ও ২০২২ সালে সেরার স্বীকৃতি পেয়েছিলেন লিভারপুলের এই উড়ন্ত ফরোয়ার্ড। এবার রেকর্ড তৃতীয়বার জিতে তিনি ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি ও গ্যারেথ বেলের মতো কিংবদন্তিদের, যারা দু’বার করে এ পুরস্কার জিতেছিলেন। সবাইকে ছাপিয়ে গিয়ে নিজেকে বসালেন সেরার আসনে।

গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিতে ২৯ গোল করার পাশাপাশি আরো ১৮ গোলে অবদান রাখেন ফুটবলের নজির হওয়া সালাহ।

পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে এই তারকা বলেন, ‘ আমি নিজের দিকে তাকিয়ে ভাবছি, মিশর থেকে এসে একজন খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পর্যায়ে ইতিহাস গড়তে পারা আমাকে গর্বিত করেছে।’

পিএফএ’র বর্ষসেরা একাদশেও আধিপত্য দেখিয়েছে লিভারপুল। আর্নে স্লটের দল থেকে সালাহর সাথে জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ।

বর্ষসেরা একাদশে ২০১৭ সালের পর এবারই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় একাদশে জায়গা পাননি। গেল মৌসুমটাও ভালো যায়নি ট্রেবলজয়ী সিটির। ফলে গার্দিওলার দলের হয়ে কেউ জায়গা করে নিতে পারেনি।

এদিকে নারী ফুটবলে বর্ষসেরা হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানারদের জার্সিতে অভিষেক মৌসুমেই ১৯ গোলের পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

এবারের আসরে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং আর্সেনালের কানাডিয়ান স্ট্রাইকার অলিভিয়া স্মিথ।