কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল ক্লাবের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে উড়তে থাকা বার্সেলোনা।
প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ৪-৪ ড্রয়ে খেলা শেষ হয়েছিল। তবে দ্বিতীয় লেগে ম্যাচের ভাগ্য পরিবর্তন করেন ফেরান তোরেস। উদীয়মান তারকা লামিনের পাস থেকে খেলার ২৭ মিনিটের মাথায় তার দেয়া একমাত্র গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে বার্সেলোনা।
বিরতির পর অ্যাটলেটিকো শত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। আলেকজান্ডার সোরলথ বল জালে পাঠানোর সুযোগ পেয়েও সফল হতে পারেননি। বার্সেলোনা ওই এক গোলের লিড ধরে রেখে বিজয় নিশ্চিত করে।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শেষবার কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে। ওই খেলায় গ্যারেথ বেলের দুর্দান্ত এক গোলে শিরোপা জেতে রিয়াল। এবার কোপা দেল রে ফাইনালে দেখার অপেক্ষা শিরোপা কাদের হাতে উঠে।