রিয়াল মাদ্রিদের হয়ে তার পা বরাবরই কথা শুনলেও ব্রাজিলের জার্সিতে যেন ভিন্নরূপ ভিনিসিউস জুনিয়রের। সাদা জার্সিতে সাফল্যের কমতি না হলেও হলুদ জার্সিতে খানিকটা ম্লান তিনি। ৩৭ ম্যাচে মাত্র ৫ গোল সেই কথাই বলে।

তবে ভিনিসিউস এবার হয়ে উঠলেন ত্রাতা। দলের প্রয়োজনে জ্বলে উঠলেন, পেয়ে গেলেন দেশের হয়ে ষষ্ঠ গোলটা। ৯৮ মিনিটে তার করা গোলে গারিঞ্চা স্টেডিয়ামে শেষ মুহূর্তে এসে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।

কলম্বিয়ার বিপক্ষে শুক্রবার ব্রাজিল কেবলই একটা জয় পায়নি, দিয়েছে বড় লাফও। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের ৭ নম্বর থেকে এক লাফে দুইয়ে উঠে এলো তারা। ১৩ ম্যাচে এখন ২১ পয়েন্ট তাদের।

এদিন ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন রাফিনিয়া। ভিনিউসিউসকে কলম্বিয়ার দানিয়েল মুনিয়োস ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। বল জালে জড়াতে ভুল হয়নি।

বিরতির আগেই কলম্বিয়া ব্যবধান কমিয়ে সমান করে ফেলে। ৪১ মিনিটে লুইস দিয়াজের শট অ্যালিসনকে কোনো সুযোগ না দিয়েই জালে প্রবেশ করে। এই গোল বিরতির পর ম্যাচ জমিয়ে ‍তুলে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। কলম্বিয়াও পারেনি দ্বিতীয়বার গোলমুখ খুলতে। এভাবেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর যোগ হয় অতিরিক্ত ১০ মিনিট। আর এখানেই বদলে যায় সব।

অতিরিক্ত সময় পাওয়া ম্যাচটির বাকি তখন মাত্র দেড় মিনিটের মতো। খেলা যখন গড়াচ্ছে ড্রয়ের দিকে, তখনই ভিনিসিউস শো। সতীর্থের পাস পেয়ে ডান পায়ের জোরাল শটে বলকে পাঠান জালে। দ্বিতীয় গোল পায় ব্রাজিল।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ব্রাজিল। তাতে বুধবার ভোরে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ব্রাজিল।