ফিরলেন লিওলেন মেসি। গোল করলেন, করালেন, আর দলকে এনে দিলেন বড় জয়। প্রত্যাবর্তনটা দারুণভাবেই রাঙালেন এলএম টেন। তার এমন পারফরম্যান্সে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে হারাল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (১৭ আগস্ট) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির দল। এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরে উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে।

এদিন অবশ্য ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি। হ্যামস্ট্রিং ইনজুরিতে দুই ম্যাচে মাঠের বাইরে থাকার পর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে নামেন তিনি। ম্যাচে তখন ১-০ ব্যবধানে এগিয়ে মায়ামি।

প্রথমার্ধের ৪৩ মিনিটে মাঝমাঠ থেকে প্রতিপক্ষকে বোকা বানিয়ে জর্দি আলবার উদ্দেশে লম্বা পাস দেন সার্জিও বুসকেটস। বল পেয়ে দ্রুত বক্সে ঢুকে জাল খুঁজে নেন এই স্প্যানিশ।

গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর দু’টি ম্যাচে ছিলেন না তিনি। তাকে ছাড়া গত ম্যাচে হেরেও যায় মায়ামি।

রোববার মেসি বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন তিনি। ৫৭তম মিনিটে দলকে এগিয়ে দেয়ার সুযোগও পেয়েছিলেন, তবে তার বাঁ পায়ের শট লক্ষ্যে ছিল না।

এর খানিকটা পর সমতায় ফেরে মায়ামি। ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত সে সমতা ধরে রেখেছিল দলটি।

এরপর মেসি তার জাদুকরী ফুটবল নিয়ে হাজির হন। ৮৪তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের নিঁখুত নিচু শটে বল জড়ান জালে। এগিয়ে যায় মায়ামি।

মেসি আবারো জ্বলে উঠেন মিনিট খানেক পর। তবে এবার তিনি গোল করেননি, চমৎকার ব্যাকহিলে গোল করান লুইস সুয়ারেজকে দিয়ে। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি।