মেসি-নেইমাররা যা করে দেখাতে পারেননি, পারেননি এমবাপ্পে-ডি মারিয়ারাও; এবার তাই ঘটল। মাস দেড়েক আগে, ছয় ম্যাচ হাতে রেখেই ফেঞ্চ লিগের শিরোপা দখলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)
টানা চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করতে গতরাতে অঁজের বিপক্ষে ড্র করলেই চলত পিএসজির। তবে শনিবার পিএসজি শিরোপা উল্লাস করেছে জয় দিয়েই। অঁজের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।
পার্ক দে প্রিন্সেসে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিজায়ার ডৌয়ে। ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রস ধরে দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান তিনি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মাঝে লিগ ওয়ানের শিরোপার নিষ্পত্তিই হলো সবার আগে। ফরাসি লিগ ‘আঁ’ শেষ হতে এখনো মাস দেড়েক বাকি। যেখানে পিএসজির ম্যাচ বাকি আরো ৬টা! যা এখন কেবল নিয়মরক্ষা খেলা।
লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো। তবে বাকি সবগুলো ম্যাচ জিতলেও নির্ভয়ে থাকবে পিএসজি।
ফ্রান্সের শীর্ষ লিগের শিরোপাটা প্যারিসিয়ানদের সম্পত্তিতে পরিণত হয়েছে অনেকদিন আগেই। মাঝেমাঝে ‘অঘটন’ ঘটলেও তা ছিল ক্ষণস্থায়ী। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম নয়। অপ্রতিরোধ্য পিএসজি।
পরিসংখ্যান বলছে লিগ ‘আঁ’-তে এটি পিএসজির ১৩তম শিরোপা। আর সর্বশেষ ১৩ আসরে পিএসজিই চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার!
লিগ শিরোপার পর এবার পিএসজির চোখ ট্রেবলে। এরই মাঝে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আর চ্যাম্পিয়নস লিগেও নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এবার এই দু’টি শিরোপা জিতলেই ইতিহাস!