বিশ্বকাপ ফুটবল, সমগ্র বিশ্বের জন্য যেন এক মহোৎসব। মাঠের খেলা তো বটেই, নিজের দেশ-নিজেদের সাংস্কৃতি চেনাতে যার আয়োজক হওয়া নিয়েও চলে লড়াই। সেই দিক থেকে যুক্তরাষ্ট্রকে ভাগ্যবান বলতেই হয়।

২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। তবে তার রেশ না কাটতেই ফের আরো একটা বিশ্বকাপ গড়াবে সেখানে, ২০৩১ ফিফা উইমেন’স বিশ্বকাপেরও স্বাগতিক দেশ তারা। আর ২০৩৫ বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলজিয়ামের বেলগ্রেডে উয়েফার এক সভায় এই তথ্য জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যদিও এখনো আনুষ্ঠানিক অনুমোদন বাকি, তবে তা কেবল সময়ের অপেক্ষা।

ইনফান্তিনো জানান, ২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাব করেনি। তবে যুক্তরাষ্ট্রের সাথে কনক্যাকাফ অঞ্চলের অন্য কোনো দেশ যুক্ত হতে পারে।

আর ২০৩৫ বিশ্বকাপের জন্যও একমাত্র বৈধ বিড যুক্তরাজ্যের। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্য গঠিত। খেলা হবে এই চার দেশেই।

যুক্তরাজ্য নারী বিশ্বকাপ আয়োজন করবে প্রথমবার। ছেলে-মেয়ে মিলিয়ে সেখানে ফুটবলের কোনো বৈশ্বিক আসর মাঠে গড়াবে ৬৯ বছর পর। সবশেষ ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

অন্যদিকে প্রথম দেশ হিসেবে তৃতীয়বার নারী বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগে ১৯৯৯ ও ২০০৩ আসর তারা আয়োজন করেছিল। আবার সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাদের দখলে।

উল্লেখ্য, নারী ফুটবল বিশ্বকাপের আগামী আসর বসবে ব্রাজিলে। ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত গড়াবে খেলা। ৩২ দলের আসরে ম্যাচ হবে ৬৪টি। তবে ২০৩১ আসর থেকে দল বেড়ে যাবে। বিশ্বকাপ হবে ৪৮ দলের।