ফুটবল দুনিয়ার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা জয় দিয়ে ফিফা মার্চ উইন্ডো শুরু করেছে। এবার বিশ্বকাপ বাচাইয়ে আগামী বুধবার মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সেই অপেক্ষার আগেই দুঃসবাদ এলো ব্রাজিল শিবিরে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে একের পর ইনজুরি সমস্যা লেগেই আছে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন গোলরক্ষক এডারসন মোরায়েস। এবার নতুন করে ইনজুরিতে পড়লেন দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার। ফলে কঠিন ম্যাচ নিয়ে নানা শঙ্কা কাজ করছে নেইমারদের।

এর আগে শুক্রবার বিশ্বকাপের বাছাই ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এতে ২-১ গোলে জয় তুলে আনে নেইমাররা। কিন্তু খেলার ৭১ মিনিটের মাথায় কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। এ সময় দুই জনকেই মাঠ ছাড়তে হয়। বাকি সময় সামাল দেয়ার জন্য মাঠে নামেন ম্যাথিয়াস বেন্তো।

এবার বেকারের ইনজুরির কারণে ব্রাজিল দলে নতুন কাউকে ভেড়াতে হবে। আর্জেন্টিনার সাথে মুখোমুখির আগেই তার বিকল্পসহ ব্রাজিল দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিবর্তনে দলে নেয়া হয়েছে মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া অ্যালিসনের জায়গায় নেয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।

ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও কলম্বিয়া ম‍্যাচের মাত্র ২৮ মিনিটেই চোটের কারণে মাঠ ছেড়েছিলেন। এদিকে দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে পরের ম্যাচে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। ফলে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে দলে পরিবর্তন আনতে হবে। ডাক ফুটবলারদের আগে দলে জায়গা না হলেও এবার আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় তারা।

কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ব্রাজিল। এদিকে আর্জেন্টিনা সমান ম্যাচে ২৮ পয়েন্ট আছে টেবিলের শীর্ষে। এবার ব্রাজিলকে হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে মেসিরা।