আবারো কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, আরো একবার ‘চ্যাম্পিয়ন’ হওয়ার অপেক্ষায় তারা। উরুগুয়েকে উড়িয়ে টানা দশমবার ফাইনালে উঠলো দলটি। জিততে চায় টুর্নামেন্টের নবম শিরোপা।
ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও, দাপট ধরে রেখেছে মেয়েরা। কোপা আমেরিকার সেমিফাইনালে আজ বুধবার উরুগুয়েকে ৫-১ গোলে হারিয়েছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা।
দাপুটে এই জয়ে এক ঢিলে দু’টি পাখি শিকার ব্রাজিলের। একদিকে যেমন কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করলো, তেমনি নিশ্চিত হয়েছে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জায়গা।
এই নিয়ে টানা দশমবার কোপার ফাইনালে ব্রাজিল। এর আগে টানা চারবার শিরোপাও জিতেছে তারা। সব মিলিয়ে ৯ আসরের মাঝে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা।
মাঝে একবার আর্জেন্টিনার কাছে শিরোপা হাতছাড়া করলেও এখন তারা অপেক্ষায় নবম শিরোপর। ফাইনালে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে বুধবার ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়। বাকি দুই গোল আসে পরের সময়ে। মাঝে এক গোল করে ব্যবধান কমায় উরুগুয়ে।
ম্যাচের ১১তম মিনিটে আমানডা গুতেরেসের গোলে লিড পায় ব্রাজিল। মার্তার ক্রস আমান্দা গুতিয়েরেসের হেড হয়ে জালে জড়ায়। দুই মিনিট পরই আবারো গোল, এবার স্কোরার জিও গারবেলিনি।
২৬ মিনিটে তৃতীয়বার ম্যাচে লিড নেয় ব্রাজিল। এবার গোল করেন মার্তা নিজেই। গোলটা আসে পেনাল্টি থেকে। এরপর আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানে এগিয়েছে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই কিছুটা হেলেদুলে খেলতে থাকা ব্রাজিলের বিপক্ষে ব্যবধান কমায় উরুগুয়ে। গোলটা ছিল আত্মঘাতী। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান ইসা।
উরুগুয়ের জন্য গোলটা পারেনি ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হয়ে আসতে। উল্টো ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখায় ১০ জনের দলটি আরো কোণঠাসা হয়ে পড়ে তারা।
এরপর আরো দুই গোল করে ব্রাজিল। ৬৫তম আমানডা গুতেরেস নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। আর ম্যাচের ৮৬তম মিনিটে উরুগুয়ের কফিনে শেষ পেরেকটি ঢোকান দুদিনহা।