হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে লেগেছে দিন বদলের হাওয়া। বদলে যাচ্ছে দেশের ফুটবল। হামজাকে অনুসরণ করে দেশের ফুটবলে যোগ দিচ্ছেন প্রবাসী ফুটবলার।

এবার হামজার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে আসা এলমান মতিন ও ইতালির আব্দুল কাদের।

উদীয়মান এই দুই ফুটবলার আগামী ৯ থেকে ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য বাংলাদেশে এসেছেন।

এলমান ইংল্যান্ডের একটি ক্লাবে বয়সভিত্তিক দলে খেলেন। আর কাদেরও ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলছেন। গতকাল সকালে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী দুই ফুটবলার।

পরে দুপুরের দিকে বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দেন তরুণ দুই ফুটবলার। সাফ অনূর্ধ্ব-১৯ আসরের জন্য বাফুফের করা প্রাথমিকভাবে ৩৫ জনের তালিকায় রয়েছেন এ দুই ফুটবলার।

গতকাল বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু তাদের অনুশীলন দেখেছেন। দুই জনের অনুশীলন, খেলার টেকনিক্যাল বিষয়গুলো বাফুফে কোচদের ভাল লেগেছে বলে জানিয়েছেন।