হামজাকে বরণ করতে প্রস্তুত বাংলাদেশ
সোমবার বিকেল নাগাদ দেশে এসে পৌঁছাবেন হামজা। স্মরণীয় এ সফরে তার সঙ্গী পরিবারের নয়জন। আছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দু’ভাই। বিমানবন্দর থেকেই তাদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে বাফুফে।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। স্বপ্ন সত্যি হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। ঘনিয়ে আসছে হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ। গোটা দেশ যেন অধীর অপেক্ষায় তার, প্রস্তুত নতুন তারকাকে বরণে।
সব ঠিক থাকলে আজ সোমবার বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলেই সিলেটের বিমান ধরবেন হামজা।
হামজা আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। জাতীয় দলের জার্সিটা গায়ে চাপাতেই বাংলাদেশে আসা তার।
ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা প্রথম বাংলাদেশী হিসেবেই অভিষেক হবে হামজার। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন হামজা।
হামজার প্রথম প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত।
এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সাথে দেশ ছাড়বেন হামজা চৌধুরী।
সোমবার বিকেল নাগাদ দেশে এসে পৌঁছাবেন হামজা। স্মরণীয় এ সফরে তার সঙ্গী পরিবারের নয়জন। আছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দু’ভাই। বিমানবন্দর থেকেই তাদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে বাফুফে।
সিলেটে নেমে সরাসরি হবিগঞ্জে গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।
নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। নেয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। জানা গেছে, গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে এলাকা।