বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার।

বিবৃতিতে লিখেছেন, ‘শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কী বলতে চাই। আমি সরাসরি জানিয়ে দিচ্ছি, কয়েক মাস পরেই সিটি অধ্যায় শেষ হতে যাচ্ছে আমার।’

২০১৫ সালে ওলফসবার্গ ছেড়ে ২৪ বছর বয়সে ম্যান সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। গত ১০ বছরে সিটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দু’টি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ জিতেছেন এই তারকা খেলোয়াড়।

ডি ব্রুইনা বলেন, ‘এই বিষয়ে লেখা সহজ নয়, কিন্তু আমরা যারা পেশাদার ফুটবলার, তারা জানি, এই দিনটা একদিন না একদিন আসবেই। সেই দিনটি এসে গেছে এবং আমার কাছ থেকে এটি শোনার অধিকার আছে সকলের।’

তিনি আরো বলেন, ‘ফুটবল আমাকে আপনাদের কাছে এনেছে, এই শহরে এনেছে। এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। বিনিময়ে তাদেরকে আমার সবকিছু দেয়া ছাড়া উপায় ছিল না, আমরা সবকিছু জয় করলাম। পছন্দ না হলেও, বিদায় বলার সময় এসে গেছে। সুরি, রোম, মেসন, মিশেল আর এই শহর আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে তার জন্য আমরা ক্লাবের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। এই ম্যানচেস্টার আমাদের সন্তানদের পাসপোর্টে থাকবে, আমাদের হৃদয়ের গভীরেও থাকবে। এটাই আমাদের সব সময়ের বাড়ি হয়ে থাকবে।’

সব মিলিয়ে ম্যান সিটির হয়ে ৪১৩ ম্যাচে ১০৬ গোল করেন ডি ব্রুইনা। এছাড়া গোল করিয়েছেন ১৭৪টি।

ম্যানসিটি ছেড়ে ডি ব্রুইনা কোথায় যাবেন তা এখনও নিশ্চিত হয়নি। তবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বা সৌদি আরবের সৌদি প্রো লিগে যেতে পারেন বলে গুঞ্জন আছে।