উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে আনলো বোতাফোগো। ইউরোপীয় ফুটবলের রাজাদের হতচকিত করে দিয়েছে ব্রাজিলের ক্লাবটি। ক্লাব বিশ্বকাপে অঘটন ঘটিয়ে দিয়েছে তারা।
বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে রোজ বোল স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে পিএসজি। তবে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সাথে পেরে উঠেনি তারা, হেরে গেছে ১-০ গোলে।
রীতিমতো উড়ছিল পিএসজি। সদ্যই জিতে এসেছে আরাধ্য চ্যাম্পিয়নস লিগ। ক্লাব বিশ্বকাপেও শুরুটা ছিল দারুণ, প্রথম ম্যাচে আথলেটিকো মাদ্রিদকে বিধ্বস্ত করে ৪-০ গোলে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই পা ফসকালো তারা। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করেও কাঙ্খিত জয়টাই পায়নি পিএসজি। ম্যাচর ৭৫ শতাংশ সময় বল রেখে গোলমুখে নেয় ১৬ শট, লক্ষ্যে ছিলো মাত্র দু’টি।
অন্যদিকে পুরো ম্যাচে বলার মতো কিছুই করতে পারেনি বোতাফোগো। ছিল না মুহুর্মুহ আক্রমণ বা বলে নিয়ন্ত্রণ। তবে কাজের কাজটাই করেছে তারা, গোলমুখে ৪ শট নিয়েই পেয়ে যায় গোলের দেখা।
৩৬ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ পাস বাড়ান জেফারসন সাভারিনো। পিএসজির দুই ডিফেন্ডারের মাঝে বল ধরে দারুণ গতিতে এগিয়ে যান জেসুস। এরপর দারুণ শটে হতবিহ্বল করেন পিএসজি গোলকিপারকে।
এরপর আক্রমণের ঝড় বইয়ে দেয় পিএসজি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ চালায় তারা। কিন্তু বোতাফোগোর রক্ষণভাগ সামলে নেয় সব। তাতে হতাশায় আচ্ছন্ন হতে হয় পিএসজিকে।
স্মরণীয় এক জয়ের আনন্দে মেতে উঠে ব্রাজিলের দলটা। অথচ ব্রাজিলিয়ালি লিগেই এবার ধুঁকছে দলটি। পয়েন্ট তালিকায় এখন তারা আছে আট নম্বরে। সেই দলই কি না এবার হারিয়ে দিল ইউরোপীয় চ্যাম্পিয়নদের!