জাদু দেখালেন লিওনেল মেসি , তার জাদুকরী ফ্রি কিকে আরো একবার মন্ত্রমুগ্ধ গোটা দুনিয়া। জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি, ক্লাব বিশ্বকাপে যা তাদের প্রথম জয়।

ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আটলান্টায় বৃহস্পতিবার রাতে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে ২-১ গোলে হারিয়ে দেয় মায়ামি।

আসরের উদ্বোধনী ম্যাচে আল আহলির সাথে গোলশূন্য ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেন মেসি-সুয়ায়েজরা। দ্বিতীয় ম্যাচের শুরুটাও ভালো হয়নি, গোল হজম করে বসে শুরুতেই।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পোর্তো। পোর্তোর এক খেলোয়াড়কে ডি-বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সামু আঘেহোওয়া।

বিরতির আগে ভাগ্য সহায় হলে ব্যবধান দ্বিগুণ করতে পারতো পোর্তো, কিন্তু বক্সের বাইরে থেকে আলান ভারেলার শট পোস্টে বাধা পায়। অন্যদিকে প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি মায়ামিও।

তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। দ্বিতীয়ার্ধ শুরুর দ্বিতীয় মিনিটেই মার্সেলোর নিচু পাস থেকে জাল খুঁজে নেন তেলাস্কো সেগোভিয়া। সমতায় ফেরে মায়ামি।

এরপর জয়ের ব্যবধান গড়ে দেন লিওনেল মেসি। ৫৪তম মেসির জাদুকরী ফ্রি কিকে এগিয়ে দেন দলকে। পোর্তোর ডি-বক্সের একটু বাইরে তিনিই ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় স্বাগতিক দলটা।

সময় গড়ানোর সাথে সাথে গোলের জন্য মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা, কিন্তু আর সমতায় আর ফেরা হয়নি। জিতে যায় মায়ামি।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস।