নতুন চারটি দল নিয়ে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়নস লিগ। নতুন কাঠামোর এই আসরে প্রথমবারের মতো খেলবে সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাটি ও বেলজিয়ামের সেইন্ট-জিলোয়া।

নতুন চারদলসহ ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় মৌসুম শুরু হবে আগামী সেপ্টেম্বরে। ডামাডোল অবশ্য বেজে উঠেছে আগেই। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র। ফ্রান্সের মোনাকোতে ড্র শুরু রাত ১০টায়।

ড্র উপলক্ষে এ ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে। গতবারের মতো এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে।

কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই। উয়েফার র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি থাকবে এক নম্বর পটে।

২৮টি ক্লাব সরাসরি সুযোগ পেয়েছে লিগ পর্বে। টটেনহাম গত মৌসুমে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার সরাসরি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে।

অন্য সাতটি দল বেছে নেয়া হচ্ছে বাছাইপর্ব থেকে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে, ৪টি নিজেদের মাঠে এবং ৪টি প্রতিপক্ষের মাঠে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ ২৪টি দল নকআউট পর্বে যাবে।

যার মধ্যে প্রথম ৮ দল সরাসরি শেষ ষোলোতে, আর বাকি ১৬ দল শেষ ষোলোতে জায়গা পেতে প্লে-অফ খেলবে।

দেখে নেয়া যাক, কোন দল কোন পটে থাকবে

পট-১ : পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা।

পট-২ : আর্সেনাল, বায়ার লেভারকুজেন, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, পিএসভি।

পট-৩ : আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোডো/গ্লিম্ট, মার্সেই, মোনাকো, গালাতাসারাই।

পট-৪ : এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাখ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি, কাইরাত।