ভারতের বিপক্ষে বহুল কাঙ্খিত জয়ের দেখা হয়তো পায়নি বাংলাদেশ, তবে হামজা চৌধুরীর আলোতে দারুণ ঝলমলে এক ম্যাচ উপহার দেয় তারা। শিলংয়ে গোল শূন্য ড্র করে হাভিয়ের কাভরেরার শিষ্যরা।
দেরিতে হলেও ভারতকে রুখে দেয়ার পুরস্কার পেলেন হামজারা। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। মাঝে ফিফা মোট আটবার র্যাঙ্কিং হালনাগাদ করলেও বাংলাদেশ ১৮৪ বা ১৮৫-এর ঘরেই আটকা ছিল।
অবশ্য ফিফা র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে এতটাই শক্তিশালী ছিল বাংলার ফুটবল। বিপরীতে ২০১৮ সালে অবস্থান পৌঁছে যায় সর্বনিম্ন ১৯৭ নম্বরে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫ দশমিক ৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪ দশমিক ১৬। অন্যদিকে নিজেদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা আছেন এখন ১২৭তম অবস্থানে।
তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ধরে রেখেছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তার পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচে।