যেকোনো ফুটবলারের স্বপ্ন যেখানে ব্যালন ডি অর জয়, সেখানে এই পুরস্কারকে হেয় করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি অরকে ‘মনগড়া’ পুরস্কার বললেন এই পর্তুগিজ তারকা।
দু’দিন আগেই ঘোষণা হয়েছে চলতি মৌসুমের ব্যালন ডি অর জেতার প্রাথমিক তালিকায় থাকা ৩০ ফুটবলারের নাম। যেখানে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে টানা দ্বিতীয় বছর তালিকায় নাম আসেনি তার।
পাঁচবার ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তির মতো তার একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ও আটবার ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও এবার মনোনীতদের তালিকায় দ্বিতীয়বারের মতো ঠাঁই পাননি।
তবে মেসি চুপ থাকলেও বিস্ফোরক এক মন্তব্য করে বসেছেন রোনালদো। আল নাসেরের হয়ে গতকাল এক প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচ শেষে স্পোর্টস টিভি পর্তুগাল’- এর মুখোমুখি হয়েছিলেন রোনালদো।
যেখানে উপস্থাপক রোনালদোর কাছে জানতে চেয়েছিলেন, এবার ব্যালন ডি’অর জিততে পারেন কে? কোনো ভাবনা ছাড়াই রোনালদো এক কথায় বলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’
রোনালদোর মুখে ব্যালন ডি’অর কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনা এই প্রথম নয়। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি এ পুরস্কার জয়ের পর বিস্ময় প্রকাশ করেছিলেন রোনালদো।
ফেবারিট হয়েও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি জিততে না পারায় রোনালদো ক্ষোভ উগরে বলেছিলেন, ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে।’
ব্যালন ডি অর মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুম কিন্তু খারাপ কাটেনি রোনালদোর। ক্লাবের হয়ে ৩৫ গোলের পাশাপাশি দেশের হয়েও করেছেন ৮ গোল। জিতেছেন নেশনস লিগ।