ক্লাব বিশ্বকাপে আশা দেখিয়েও নিরাশ করে ইন্টার মায়ামি। শেষ ষোলোতেই আটকে যায় মেসির দল। তবে সেই ব্যর্থতা নিয়ে বসে নেই ক্লাবটি, মেসিতে ভর করে এমএসএলে উড়ছে তারা।
আগের ম্যাচেও জোড়া গোল করে দলকে জেতান মেসি। বৃহস্পতিবার নিউ ইংল্যান্ডের বিপক্ষেও করেছেন জোড়া গোল। সুবাদে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি।
নিউ ইংল্যান্ডের সাথে ভালোই লড়াই করতে হয়েছে মায়ামিকে। বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। বেশ কঠিন পরীক্ষা দিতে হয় মেসিদের।
তবে প্রথমে এগিয়ে যায় মায়ামিই। প্রথমার্ধেই দুই গোল করেন মেসি। ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম গোলটি করেন তিনি।
এরপর ৩৮তম মিনিটে মাঝমাঠ থেকে সার্জিও বুসকেটসের পাসে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। তাতেই গড়েন দারুণ এক ইতিহাস।
এমএলএসের ইতিহাসে লিওনেল মেসিই প্রথম খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে একাধিক গোল করেছেন।
মেসির গোল উৎসব শুরু হয়েছিল মে মাসের শেষে, মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-২ গোলের জয়ে। এরপর কলম্বাসের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচেও জোড়া গোল করেছিলেন। এরপর ক্লাব বিশ্বকাপের কারণে কিছুদিন বিরতি।
ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে ফের মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামেন মেসি। সে ম্যাচে ৪-১ গোলের জয়ে আরো দুটি গোল করে ইতিহাস গড়ার মঞ্চ তৈরি করেন। আর সর্বশেষ আজ জোড়া গোল করে গড়লেন অনন্য এই রেকর্ড।
তবে ৭৯ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল একটি গোল শোধ করেন। অ্যালেনদের কাছ থেকে বল কাড়ার পর দুর্দান্ত শটে ব্যবধান কমান তিনি।
এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। তাদের পয়েন্ট এখন ৩৫, শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে ৭ পয়েন্ট কম। তবে ক্লাব বিশ্বকাপ অংশগ্রহণের কারণে এখন পর্যন্ত তিনটি ম্যাচ কম খেলেছে মায়ামি।