সবকিছু ঠিক ছিল, কথাবার্তা ছিল চূড়ান্ত। নিজেদের দিক থেকে কাগজপত্রও প্রস্তুত করে রেখেছিল টটেনহাম। ক্রিস্টাল প্যালেস থেকে এবেরেচি এজেকে নিয়ে আস ছিল শুধু সময়ের ব্যপার। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা।
কিন্তু সেই আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই বদলে গেল সব। টটেনহ্যামের কাছ থেকে এজেকে অনেকটা ভাগিয়ে নিলো আর্সেনাল। বিস্ময়ের জন্ম দিয়ে এজেকে দলে টেনেছে গানাররা। হয়ে গেছ ট্রান্সফার চুক্তিও।
ট্রান্সফারের এমন বাঁকবদলকে ফুটবলের ভাষায় বলা হয় ‘হাইজ্যাক’। যেই কাজটা করেছে আর্সেনাল। একদম আচমকা দৃশ্যপটে হাজির হয়ে ক্রিস্টাল প্যালেসের সাথে ৯১ মিলিয়ন ডলারের ট্রান্সফার চুক্তি সেরে ফেলেছে তারা।
অথচ গত বুধবার দিনের শুরু থেকে বিকেল পর্যন্ত টটেনহ্যাম জানতো যে তারাই ক্রিস্টাল প্যালেস থেকে এজেকে কিনতে যাচ্ছে। সে লক্ষ্যে চুক্তির কাগজপত্রও তৈরি করছিল তারা।
অন্যদিকে আর্সেনাল তাদের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে যায়। হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন হাভার্টজ। যে কারণে তাদের চোখ পড়ে এজের দিকে।
একেবারে শেষ মুহূর্তে হুট করেই এবেরেচি এজেকে কেনার দৌড়ে যোগ দেয় আর্সেনাল। প্রথমে তারা যোগাযোগ করে এজের সাথে। ব্যক্তিগতভাবে তার সম্মতি আদায় করে তারা।
এজের সম্মতি নিয়ে এরপর ক্রিস্টাল প্যালেসের সাথে যোগাযোগ করে আর্সেনাল। প্যালেসকে রাজি করাতে এজের জন্য ৬০ মিলিয়ন পাউন্ড ও সাথে অ্যাড-অনস যুক্ত করে আরো ৭ মিলিয়ন পাউন্ড প্রদানের প্রস্তাব দেয়।
সব মিলিয়ে ৬৭ মিলিয়ন পাউন্ড বা ৯১ মিলিয়ন ডলারে প্যালেসকে রাজি করিয়ে ফেল্ব গানাররা। আর এতেই টটেনহ্যামের হতে যাওয়া খেলোয়াড়কে নিজেদের ডেরায় ভেড়ায় আর্সেনাল।