গতরাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে মাঠে নামে চার বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, জার্মানি, ফ্রান্স ও স্পেন। মাঠে ছিল পর্তুগালও। তবে জার্মানি বাদে কারো জন্যই রাতটা সুখকর ছিল না। আর কেউ পায়নি জয়ের দেখা।

মিলানের সান সিরোয় বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানি ২-১ গোলে হারিয়েছে ইতালিকে। অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে ফ্রান্স।

অন্যদিকে একই রাতে কোপেনহেগেনে পর্তুগালকে ০-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। আর রটারডামে আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে স্পেন-নেদারল্যান্ডস।

ছয় মাস পর জাতীয় দলে ফিরে প্রত্যাবর্তনটা রাঙাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। যদিও আক্রমণ এবং বল দখলে অবশ্য একচ্ছত্র দাপট দেখিয়েছে ফ্রান্সই। তবে গোলের জন্য ১৬ বার প্রচেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি দলটি।

উল্টা প্রথমার্ধেই ২ গোল করে জয় ছিনিয়ে নিয়েছে ক্রোয়েশিয়া। ২৬ মিনিটে পেরিসিচের ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন আন্তে বুদিমির। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ।

সান সিরোয় হাইভোল্টেজ ম্যাচে জার্মানির বিপক্ষে প্রথম সুযোগেই গোল করে ইতালি। নবম মিনিটে গোলটি করেন সান্দ্রো তোনালি। লিড নিয়েই বিরতিতে যায় ইতালি। ৪৯ মিনিটে ফেরে সমতা। জসুয়া কিমিখের ক্রসে হেডে গোল টিম ক্লাইনডিন্সট।

আর ৭৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন লেয়ন গোরেটস্কা। কিমিখের ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন এই বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে খুব একটা গোলের সুযোগই তৈরি করতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। উল্টা শেষ ৭৮ মিনিটে গোল খেয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। গোলটি করেন রাসমুস হয়লুন।

তার এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। গোল খেয়েও তেমন প্রতিরোধ গড়তে পারেনি পর্তুগাল। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো, ছিলেম নিস্প্রভ। যার প্রভাব পড়ে দলের ফলাফলে।

রাতের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কোনোমতে ড্র করেছে স্পেন। রটারডামের ম্যাচে শুরুতেই গোলের দেখা পায় স্পেন। নাটকীয় এই ম্যাচে ৯ম মিনিটেই পেদ্রীর পাসে গোল করেন নিকো উইলিয়ামস।

২৮ মিনিটে ডাচদের ম্যাচে ফেরান কোডি গাকপো। তবে প্রথমার্ধে আর গোল আসেনি। সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। গোল করেন রেইন্ডার্স।

পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টায় কমতি রাখেনি স্পেন। তবে দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। নিকো উইলিয়ামসের শট গোলরক্ষক ফেরানোর পর বদলি শটে তা জালে পাঠান মেরিনো।

এরপর আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে স্পেন-নেদারল্যান্ডস।