এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ পর্বে কঠিন সব প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ভিয়েতনাম, চীন ও স্বাগতিক থাইল্যান্ডের সাথে খেলতে হবে আফিদা খন্দকার, মোসাম্মত সাগরিকাদের।
সোমবার ব্যাংককে অনুষ্ঠিত ড্রয়ে পট থেকে প্রথমেই তোলা হয় বাংলাদেশের নাম। যথারীতি ‘এ’ গ্রুপেই রাখা হয় আফিদা-সাগরিকাদের। যেখানে এরপর উঠে আসে কঠিন সব প্রতিপক্ষ।
ফিফা উইমেনস র্যাঙ্কিংয়ে ১০৪ এ থাকা বাংলাদেশ প্রথমে পেয়েছে ৬৭ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামকে (৩৭)। আর শেষে আসে স্বাগতিক থাইল্যান্ডের নাম। যাদের ফিফা র্যাঙ্কিং ৫৩তম।
মাঝে গ্রুপের তৃতীয় দল হিসেবে অন্তর্ভুক্ত হয় র্যাঙ্কিয়ের ১৬তম স্থানে থাকা চীন। যারা ২০০৬ সালে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়। ফলে বোঝাই যাচ্ছে এশিয়ান কাপে টাইগ্রেসদের কঠিন পরীক্ষাই দিতে হবে।
যেখানে বাংলাদেশের সবচেয়ে সহজ প্রতিপক্ষ বলা যায় স্বাগতিকদের। গত অক্টোবরে যাদের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলেছ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। যার প্রথমটিতে ৩-০ ও পরেরটায় ৫-১ গোলে হারে টাইগ্রেসরা।
উল্লেখ্য যে, ২০২৬ সালের এপ্রিলে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। তাদের সাথে যুক্ত হবে তৃতীয় হওয়া সেরা দুই দল।
এরপর সেমিফাইনালে ওঠা ৪ দল সরাসরি টিকিট কাটবে আগামী বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের তিন গ্রুপে যারা থাকছে-
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে ও ভারত।