পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটির পর আজ ফের মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনে বড় জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। কষ্টার্জিত জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাবও।
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। ৩২.২ ওভারে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। জবাবে ৩০ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সাদা কালোরা।
প্রাইম ব্যাংকের ব্যাটাররা ছিলেন এদিন ব্যর্থ। প্রথম ৬ ব্যাটারের কেউ ১৯ রানের বেশি করতে পারেনি। তবে এরপর একাই হাল ধরেন শামীম। দলের অর্ধেকের বেশিই রান আসে তার ব্যাট থেকে। করেন ৬১ বলে ৮৯ রান।
শামীম ছাড়া আর কেবল আরাফাত সানিই (২১) বিশ রানের গণ্ডি পাড়ি দেন। তাইজুল ইসলাম ৪ ও এবাদত হোসেন ৩ উইকেট নেন।
রান তাড়ায় ৬৪ রানেই ৪ উইকেট হারায় মোহামেডান। রনি তালুকদার ০, আরাফাত জুনিয়র ১৯, মাহিদুল ইসলাম ১০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭ রান করেন। এরপর তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ মিলে নিশ্চিত করেন জয়।
হৃদয় ৫৭ ও মিরাজের ব্যাটে আসে ৬৭ রান। তাছাড়া আরিফুল করেন ১১ রান। প্রাইম ব্যাংকের হয়ে হাসান নেন ৩ উইকেট।
অন্যদিকে মাত্র ৪০ বলে ম্যাচ জিতে নেয় আবাহনী। বিকেএসপির ৩ নম্বর মাঠে এদিন মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। জবাবে পারভেজ ইমনের ২৩ বলেই ৬১ রানের ইনিংসে ১০ উইকেটে জিতে যায় আকাশী-নীলরা।
শাইনপুকুরের হয়ে মিনহাজুল আবেদীনই ৩৮, আলী ওয়ালিদ দ্বিতীয় সর্বোচ্চ ১৪ ও রহমত আলী ১০ রান করেন। মোসাদ্দেল সৈকত ২০ রানে নেন ৪ উইকেট। রিপন মণ্ডল ও রাকিবুল হাসান উইকেট পান ২টি করে।
বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয় ধানমন্ডি ক্লাব ও শুলশান ক্লাব। যেখানে ধানমন্ডির দেয়া ২৫৯ রানের লক্ষ্য ২ উইকেট আর ২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে গুলশান।
ধানমন্ডির হয়ে ফজলে রাব্বি ৯১ বলে ৬৫ ও হাবিবুর রহমান করেন ৩২ রান। ২৯ রান আসে কামরুল ইসলাম রাব্বির ব্যাটে। ইয়াসির আলি ২৮ ও নুরুল হাসান সোহান করেন ২৪ রান। ৩টি করে উইকেট নেন শেখ মেহেদী ও পায়েল।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নাইম ইসলামের। ৬৮ ও খালিদ হাসানের ৪২ রান জেতায় গুলশানকে। ৩৯ রান করেন আজিজুল হাকিম।
এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল আবাহনী। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মোহামেডান। গাজি গ্রুপ ৩ ও গুলশান ক্রিকেট ক্লাব আছে ৪ নম্বরে।