প্রথম দিন ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও নিস্প্রভ ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শুরুতেই পেয়েছে উইকেটের দেখা। নাহিদ রানার হাত ধরেই এলো প্রথম উইকেট, দ্বিতীয় ও তৃতীয়টাও গেছে তার দখলে। হাসান মাহমুদও দেখিয়েছেন ঝলক।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে ২ রান যোগ করতেই হারায় প্রথম উইকেট, দিনের তৃতীয় ওভারে ১৮ রান করা বেন কারেনকে ফেরান নাহিদ।

নাহিদের হাত ধরে দ্বিতীয় উইকেট আসে ২১তম ওভারের শেষ বলে। দলীয় ৮৮ রানের মাথায় ব্রায়ান ব্যানেটকে ফেরান তিনি। ৬৪ বলে ৫৭ রান করেন তিনি।

৩ বল পর ফের উদযাপনের উপলক্ষ আসে। এবার উইকেট পান হাসান মাহমুদ। নিক ওয়েলচেকে ২ রানেই থামান তিনি। তাতে দিনের শুরুটা ভালোই হলো বাংলাদেশের।

অবশ্য চতুর্থ আঘাত হানেন নাহিদ রানা, ৮ রানে ফিরিয়েছেন ক্রেইগ আরভিনকে।

এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেটে ১৫৩। মাঠে আছেন শন উইলিয়ামস ও ওয়েসলি মাধেভেরে। লিড ভাঙতে তাদের চাই এখনো ৩৮ রান।

উল্লেখ্য, রোববার শুরু হওয়া সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।