রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় যেন মেতেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাইয়ের প্রতি ম্যাচেই করছে নতুন কিছু, ছাপিয়ে যাচ্ছে আগের সব। ব্যতিক্রম নয় স্কটল্যান্ডের বিপক্ষেও, গড়েছে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্বকাপ বাছাইয় পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ড নারী দলের মুখোমুখি হয় নিগার সুলতানারা। লাহোরে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান করেছে টাইগ্রেসরা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল বাংলাদেশ, যা ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ পুঁজি। এক ম্যাচ পর আজ ভেঙে গেল সেই রেকর্ডও।
এই ম্যাচেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১১ চারে ৫৯ বলে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি। ফিফটি হাঁকিয়েছেন ফারজানা হক ও শারমিন আক্তারও।
অবশ্য এই ম্যাচেও সুবিধা করতে পারেনমি ইশমা তানজিম, ফেরেন ২৯ বলে ১৪ রানে। তবে এরপরই হাল ধরেন ফারজানা ও শারমিন। দু’জনে মিলে ১২৭ বলে যোগ করেন ১০৩ রান। ৭৯ বলে ৫৭ করে আউট হোন শারমিন।
৮৪ বলে সমান ৫৭ রান করে আউট হোন ফারজানা। ততক্ষণে অবশ্য থিতু হতে যান নিগার সুলতানা। সোবহানা মুস্তারি ও রিতু মণি তেমন একটা সুবিধা করতে পারেননি। তবে ফাহিমা খাতুনের সাথে জুটিতে যোগ করেন ৬১ রান।
ফাহিমা ২২ বলে ২৬ রানে আউট হোন। তবে ৩৯ বলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক পূর্ণ করেন নিগার। যদিও সেঞ্চুরি পূরণ হয়নি।