বিশ্বকাপ স্বপ্ন কঠিন হয়ে গেল বাংলাদেশের। পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে বিপদে টাইগ্রেসরা। দাঁড়িয়ে আছে খাদের কিনারে। ওয়েস্ট ইন্ডিজের হার বা চ্যালেঞ্জিং জয়ই এখন কেবল পারে স্বপ্ন বাঁচিয়ে রাখতে।
বাঁচা-মরার লড়াইয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। তবে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে গেছে টাইগ্রেসরা। এই হারে দুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।
লাহোরে শনিবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধাই করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে মাত্র ১৭৮ করে টাইগ্রেসরা। জবাবে ৩৯.৪ ওভারেই ৭ উইকেটে জিতে যায় পাকিস্তান।
এই ম্যাচ হারায় এখন তাকিয়ে থাকতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ডের ম্যাচের দিকে। ক্যারিবীয় কন্যারা হেরে গেলে তো বটেই, জয়ের ব্যবধান তেমন একটা বড় না হলেও বিশ্বকাপে যাবে নিগার-শারমিনরা।
বাংলাদেশের নেট রান রেট কমে এখন দাঁড়িয়েছে +০.৬৩৯। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট –০.২৮৩। অবশ্য বিশ্বকাপ খেলতে পারার সুযোগ হেলায় হাতছাড়া করতে চাইবে না ওয়েস্ট ইন্ডিজও।
শনিবার ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায়, রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ফারজানা হক। দ্রুত ফেরেন আরো দু'জন, দিলারা ১৪ ও নিগার আউট হোন ৬ বলে ১ রান করে।
২১ রানে ৩ উইকেট হারানোর পর শারমিন ও রিতু মিলে ৪৪ রানের জুটি গড়েন। দলীয় ৬৫ রানে ফেরেন শারমিন, ৪৭ বলে ২৪ রান করেন তিনি। এরপর নাহিদার সাথেও ৪৪ রানের জুটি গড়েন রিতু।
৫১ বলে ১৯ রান করেন নাহিদা। এদিকে ভালো ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি রিতুর। ৭৬ বলে ৪৮ রান করে আউট হন তিনি। এরপর ইনিংস টানেন ফাহমিদা। তার ৫৩ বলে ৪৪ রানেই বলার মতো স্কোর পায় দল।
বোলিংয়ে শুরুটা ভালো ছিল, মারুফা আক্তারের দ্বিতীয় বলেই এলবিডব্লু করে দেন শাওয়াল জুলফিকারকে। এরপর সিদরা আমিন ও মুনিবা আলীর ৮০ রানের জুটি ম্যাচ থেকে মোটামুটি ছিটকে দেয় বাংলাদেশকে।
৩৭ রান করে সিদরা ফিরলেও আলিয়া রিয়াজকে ৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরিই ছিটকে দেন মুনিবা। মুনিবা ৬৯ রান করে আউট হওয়ার পর নাতালিয়া পারভেইজকে বাকি পথটা পাড়ি দেন আলিয়া।
৩৯.৪ ওভারেই ৭ উইকেটে জিতে যায় পাকিস্তান। আলিয়া ৫২ রানে ও নাতালিয়া ১৩ অপরাজিত ছিলেন।