এশিয়ান ক্রিকেটের নীতিনির্ধারকের পথটা অনেকদিন দখলে রাখেন জয় শাহ। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) চেয়ারম্যান হবার পর এসিসির দায়িত্ব উঠতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাঁধে।

গত বছর পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পান মহসিন নাকভি। তার এক বছর অতিবাহিত হতেই পেলেন নতুন দায়িত্ব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলে রাজত্ব ছিল জয় শাহর। ২০২১ সাল থেকেই চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হলেও পুনরায় এক বছরের জন্যে তাকে রেখে দেয়া হয় দায়িত্বে।

এরপর জয় শাহ আইসিসির দায়িত্ব গ্রহণ করায় পদটি খালি হয়। সেটা গ্রহণ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। এবার এই দায়িত্বের জন্যব মহসিন নাকভি নির্বাচিত হলেন। দু’বছর মেয়াদে কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে মহাদেশীয় সংস্থার সদস্যদের অনলাইন বৈঠকের মাধ্যমে এসিসি নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১০ জন পাকিস্তানি এসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। সবশেষ এসিসির প্রেসিডেন্ট পদে ছিলেন এহসান মানি। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।