সিলেটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তই দেখাচ্ছেন পথ। তৃতীয় দিন শেষে খানিকটা সুবিধাজনক স্থানেই আছে টাইগাররা। যদিও আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনে ধরে রাখতে হবে এর ধারা।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে আজ মঙ্গলবার তৃতীয় দিন শেষে টাইগারদের স্কোর ৫৭ ওভার শেষে ৪ উইকেটে ১৯৪। লিড ভেঙে পুঁজি আছে ১১২ রানের।

জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় দিনের খেলা। তবে বৃষ্টি বাঁধায় ভেস্তে যায় প্রথম সেশন।

নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি বৃষ্টির কারণে। বেলা ১টা থেকে শুরু হয় খেলা। তবে শুরুটা তেমন ভালো হয়নি, ১ উইকেটে ৫৬ রানে খেলা শুরু করা টাইগাররা দ্বিতীয় উইকেট হারায় ৭৩ রানে।

মাহমুদুল হাসান জয় ফেরেন মুজারাবানির শিকার হয়ে ৬৫ বলে ৩৩ রান করে। তাতে ভাঙে মুমিনুল হকের সাথে ৬০ রানের জুটি। এরপর নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে লিড ভাঙেন মুমিনুল।

দলীয় ১৩৫ রানের মাথায় আউট হন মুমিনুল হক। ফেরেন ৪৮ রান করে। ভাঙে নাজমুল হোসেন শান্তের সাথে তার ৬৫ রানের জুটি। এরপর মাঠে আসেন মুশফিকুর রহিম, তবে বেশিক্ষণ টেকেননি।

২০ বলে ৪ রান করে আউট হন মুশফিক। জাতীয় দলের হয়ে এই নিয়ে শেষ ১৫ ইনিংসে ৯ম বার দুই অঙ্ক না ছুঁয়েই ফিরলেন মুশফিক। এই সময়ে নেই কোনো ফিফটিও। সর্বোচ্চ রান ৩৭।

মুমিনুল-মুশফিক ফিরলেও মাঠে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে খেলছেন তিনি। জুটি বেঁধেছেন জাকের আলির সাথে, করেছেন ফিফটি। জুটিতে যোগ হয়েছে ৩৯ রান।

দিন শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৫৭ ওভারে ১৯৪ রান। শান্ত ৬০ ও জাকের ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নিয়েছেন মুজারাবানি।

সিলেট টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ভালো যায়নি। মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে ফেলে জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ফেরে লড়াইয়ে।

যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। বিপরীতে দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করে ১ উইকেট ৫৭ রান নিয়ে।

এদিকে লিড ভাঙতে নেমে এই ইনিংসেও সুবিধা করতে পারেননি সাদমান ইসলাম (৪)। তবে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক আর উইকেট যেতে দেননি। জয় ২৮ ও মুমিনুল ১৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন।