এবার পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ ইউসুফ। ব্যাটিং কোচের ভূমিকায় আর দেখা যাবে না তাকে। গণমাধ্যমের খবর, ইতোমধ্যে বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউসুফ।

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।

ইউসুফের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি। তবে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে সাবেক এই ব্যাটার জানান, ‘এটা ছিল একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, এর বাইরে বলার কিছু নেই।’

এক যুগেরও বেশি সময় ধরে এনসিএর সাথে যুক্ত ছিলেন ইউসুফ। আপদকালীন সময়ে তিনি পাকিস্তান জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথেও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।

চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ড সফরে দলের সাথেও ছিলেন তিনি। তবে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি ইউসুফকে।

ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার আগে পিসিবির নির্বাচক প্যানেলেও ছিলেন ইউসুফ। সেখান থেকেও গত বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে আসেন তারকা এই ব্যাটার।

এদিকে সূত্র বলছে ব্যক্তিগত কারণ নয়, বরং পিসিবির নানা পদায়ন ও নিয়োগ প্রক্রিয়া ঘিরে অসন্তুষ্ট ছিলেন ইউসুফ। যার কারণে নিজেই সরে দাঁড়ালেন তিনি।