বদল আসছে বাংলাদেশ ক্রিকেটে। তাসকিন-নাহিদদের জন্য নতুন কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আলোচনায় উঠে আসছে অনেকের নাম আছে। তবে নানান দিক বিবেচনায় সবার থেকে এগিয়ে আছেন শন টেইট ও ওমর গুল।
প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তির মেয়াদ বাড়লেও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে বিদায় বলে দিতে চায় তারা। ফলে শূন্যস্থান পূরণে নতুন কোচের খোঁজে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
সাম্প্রতিক কয়েক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে টাইগারদের পেস ইউনিট। বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছেন তাসকিন, মোস্তাফিজরা। সবশেষ নাহিদ রানার সংযোজন তো আলোড়ন সৃষ্টি করেছে।
শরিফুল, ইবাদত, তানজিম সাকিবরাও আলো ছড়াচ্ছেন। হাসান মাহমুদ, খালেদরাও আছেন আলোচনায়। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে চলছে পেস বিপ্লব।
যার শুরুটা হয়েছিল ওটিস গিবসনের হাত ধরে। এরপর কিংবদন্তি অ্যালান ডোনাল্ড পেসারদের নিয়ে যান ভিন্ন মাত্রায়। তার জায়গাতেই আসেন আন্দ্রে অ্যাডামস। তবে তার কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় বিসিবি।
কিউই কোচের সাথে বোর্ডের চুক্তি রয়েছে প্রায় বছর খানেক। তবে তার আগেই এই কোচকে বিদায় বলে দিতে চাইছে বিসিবি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বোর্ড। খুঁজতে শুরু করেছে নতুন কোচও।
যেখানে আলোচনায় অজি কিংবদন্তি শন টেইট ও পাকিস্তানের ওমর গুল। বাংলাদেশ সম্পর্কে বেশ অভিজ্ঞতা আছে দু’জনেরই। টেইট কাজ করেছেন বিপিএলেও। এমনকি বিপিএলে খেলার অভিজ্ঞতাও আছে তার।
এর আগে আফগানিস্তান ও পাকিস্তান দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে টেইটের। এই তালিকায় আছেন আরেক পেস কিংবদন্তি পাকিস্তানি উমর গুল। এই পেসারও আফগানিস্তান ও পাকিস্তান দলের দায়িত্ব পালন করেন।