থামল বাঘিনীদের অপরাজেয় যাত্রা। টানা তিন জয়ে উড়তে থাকা বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম হার দেখল জ্যোতি বাহিনী। বাড়ল বিশ্বকাপ নিশ্চিত হবার অপেক্ষা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ দল। যেখানে ক্যারিবীয় নারীদের কাছে ৩ উইকেটে হেরে গেছে টাইগ্রেসরা।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচেই দাপুটে জয় পায় বাংলাদেশ। আত্মবিশ্বাসের চূড়াতেই ছিল তারা। আর মাত্র একটা জয়, তবেই নিশ্চিত হতো বিশ্বকাপ। এই যখন সমীকরণ, তখন হেরে বসল টাইগ্রেসরা।

এই দিন টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪ ওভার থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। যা আসরে তাদের দ্বিতীয় জয়।

অবশ্য ব্যাট হাতে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। মাত্র ২ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করা টাইগ্রেসরা। তবে এরপর শেষ ১৩৫ বলে ৭ উইকেট হারিয়ে তুলে মোটে ৯৩ রান। ফলে বড় পুঁজি পাওয়া হয়নি।

এই দিন ইশমা তানজিমের জায়গায় ওপেনিংয়ে ফিরেন সোবহানা মোস্তারি। তবে ভালো করতে পারেননি তিনিও, ৯ বলে ৬ রান করে বিদায় নেন মোস্তারি। তবে তিনে নামা শারমিন ও ফারজানা মিলে যোগ করেন ১১৮ রান।

ফারজানা ৭৮ বলে ৪২ রান করে আউট হলে ভাঙে জুটি। তবে শারমিন আসরে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক তুলে নেন। ৭৯ বলে ৬৭ রান করে আউট হন তিনি। তাদের দু’জনের বিদায়ের পর বাকিরা আসা-যাওয়ার মিছিলে নাম লেখান।

আগের তিন ম্যাচে শতক ও অর্ধশতক হাঁকানো অধিনায়ক নিগার সুলতানা আজ হতাশ করেছেন। ১০ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। স্বর্ণা করেন ৬ রান। রিতু মনিও ব্যর্থ আজ। ২৬ বলে করেছেন ১৫ রান।

ফাহিমা ৯ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন। শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন মিলে ৩১ রানের জুটি গড়েন। ৩৯ বলে ২৫ রান করেন নাহিদা। রাবেয়া ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। মারুফা করেন ১ রান।

স্বল্প রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করে বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। ৭৪ রানেই হারায় ৩ উইকেট। তবে হাইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলর চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেন।

ম্যাথিউসকে ফিরিয়ে অবশেষে সেই জুটি ভাঙেন মারুফা আক্তার। ৪৫ বলে ৩৩ রান করে ফেরেন এই ক্যরিবিয়ান অধিনায়ক। স্টেফানি টেইলরকেও থামান মারুফা, তার ব্যাটে আসে ৩৬ রান। ১৯৭ রানে ৬ উইকেট হারায় তারা।

কিন্তু এরপর ষষ্ঠ উইকেট জুটিতে আবারো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ক্যারিবিয়ানরা। ছিহনেল হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ১০ বলে ১১ রান করে যোগ্য সঙ্গ দেন আলিইয়া অ্যালেন।

এছাড়া কিয়ানা জোসেফ ৩১, শেইমেন ক্যাম্পবেল ২৪ ও অধিনায়ক হাইলি ম্যাথিউস ৩৩ রান করেন। মারুফা ৩৮। রানে নেন ২ উইকেট।

উল্লেখ্য, এই ম্যাচ হারলেও চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে উঠার ভালো সুযোগ এখনো আছে জ্যোতিদের।। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই তা নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তানের কাছে হারলেও টিকে থাকবে আশা, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল ও রান রেটের ওপর নির্ভর করতে হবে।