জয়রথ চলছে বাংলাদেশের। বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। নিগার সুলতানাদের কাছে এবার বধ স্কটল্যান্ড। ব্যাটে-বলে দাপট দেখিয়েই অপরাজেয় যাত্রা ধরে রেখেছে তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এ দিন আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান করে টাইগ্রেসরা। জবাবে ২৪২ রানে থামে স্কটিশদের ইনিংস।

আসরে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল বাংলাদেশ, যা ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ পুঁজি। এক ম্যাচ পর আজ ভেঙে গেল সেই রেকর্ডও।

রেকর্ড রান তাড়ায় শুরু থেকেই দারুণ কিছু করতে হতো স্কটল্যান্ডকে। তবে শুরুটা ভালো হয়নি। ৭ ওভার ৫ বলে দলীয় ৩১ রানেই ৩ ব্যাটারের উইকেট হারায় তারা। তবে আলিসা লিস্টারকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন সারাহ ব্রাইস।

দলীয় ৭৮ রানে ব্রাইস রান আউট হলে ভাঙে জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১০ রানেই ৭ উইকেট হারায় স্কটল্যান্ড। ৫৮ বলে ৪২ রান করে আউট হন ব্রাইস।

যখন মনে হচ্ছিল টাইগ্রেসদের জয় সময়ের অপেক্ষা মাত্র, তখন অপ্রত্যাশিত লড়াই করেছেন শেষ দিকের দু’ ব্যাটার। অষ্টম উইকেটে প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচায়েল স্ল্যাটার মিলে গড়েন ১১৫ রানের রেকর্ড জুটি গড়েন।

নারী ক্রিকেটে এটি অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। একই সাথে স্কটিশ নারী ক্রিকেটে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। তবে নাহিদা প্রিয়ানাজকে ৬১ রানে ফিরিয়ে থামান তাদের দৌঁড়।

সমান ৬১ রান নিয়ে স্ল্যাটার অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। টাইগ্রেসদের হয়ে বল হাতে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নাহিদা। দুই উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস।

এর আগে, এইদিনও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা। ১১ চারে ৫৯ বলে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি। ফিফটি হাঁকিয়েছেন ফারজানা হক ও শারমিন আক্তারও।

অবশ্য এই ম্যাচেও সুবিধা করতে পারেনমি ইশমা তানজিম, ফেরেন ২৯ বলে ১৪ রানে। তবে এরপরই হাল ধরেন ফারজানা ও শারমিন। দু’জনে মিলে ১২৭ বলে যোগ করেন ১০৩ রান। ৭৯ বলে ৫৭ করে আউট হন শারমিন।

৮৪ বলে সমান ৫৭ রান করে আউট হোন ফারজানা। ততক্ষণে অবশ্য থিতু হতে যান নিগার সুলতানা। সোবহানা মুস্তারি ও রিতু মণি তেমন একটা সুবিধা করতে পারেননি। তবে ফাহিমা খাতুনের সাথে জুটিতে যোগ করেন ৬১ রান।

ফাহিমা ২২ বলে ২৬ রানে আউট হন। তবে ৩৯ বলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক পূর্ণ করেন নিগার। যদিও সেঞ্চুরি পূরণ হয়নি।

উল্লেখ্য, এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুত্থান করেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে বাংলাদেশের পরেই।

১৭ এপ্রিল নিজেদের পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপে জায়গা পাকা করবে টাইগ্রেসরা।