সুপার লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে মোহামেডান। তারকাখচিত দলটা হেরে গেছে লিজেন্ড অব রূপগঞ্জের কাছে। তাতে খানিকটা পিছিয়ে গেল শিরোপার দৌঁড় থেকে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। মোহামেডান ২৯.৪ ওভারে ১১৭ রান স্কোরবোর্ডে তুললে হানা দেয় বৃষ্টি। প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা।
ফলে প্রয়োগ হয় বৃষ্টি আইন। বৃষ্টি আইনে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। সাইফ হাসান আর সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে যা মাত্র ১৩.২ ওভারেই পেরিয়ে যায় রূপগঞ্জ।
আম্পায়ারের সাথে অসদাচরণ করায় এই ম্যাচে ছিলেন না মোহামেডানের নিয়মিত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার বদলে নেতৃত্ব দেন রনি তালুকদার।
দু’ ওপেনার তৌফিক খান তুষার ও আনিসুল ইসলামের ব্যাটে শুরুটা ভালোই করে মোহামেডান। তবে ২১ বলে ১৮ রান করে তুষার আউট হলে ধস নামে। অধিনায়ক রনি তালুকদার টিকতে পারেননি এক বলের বেশি।
২৭ রানে ২ উইকেট হারানো মোহামেডান ৬৯ রানে হারায় তৃতীয় উইকেট, আনিসুল ফেরেন ৩৫ রানে। এরপর ৩১ রান যোগ করতে আরো ৪ উইকেট হারায় তারা। মাহমুদউল্লাহ করেন ২১ বলে ১২ রান।
১১৭ রানের মাথায় নামে বৃষ্টি। শেষ হয় মোহামেডানের ইনিংস। রূপগঞ্জের হয়ে তানভীর ইসলাম ৩ ও রিয়াজ নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে তানজিদ তামিম ০ রানে ফিরলেও বিপদ বাড়েনি। সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে জয় নিশ্চিত করেন রূপগঞ্জের। সাইফ ৫৫ ও সৌম্য অপরাজিত থাকেন ৩৬ রানে।