ক্রিকেটে নতুন নিয়ম আনছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার নিয়মে বড়সড় বদল আনছে সংস্থাটি। যা ব্যাটারদের দিবে খানিকটা বাড়তি সুবিধা।
ক্রিকেট ম্যাচে বাউন্ডারি লাইনে অনবদ্য সব ক্যাচ দেখা যায়। লাইনের বাইরে থেকে এসে লাফিয়ে ক্যাচ ধরা এখন আর নতুন কিছু না। বল ওপরে ছুঁড়ে ভেতরে এসে তা ফের মুঠোয় জমাতে প্রায়ই দেখা যায় মাঠে।
এভাবে উইকেট নিতে বা ছক্কা বাঁচাতে গিয়ে কেউ কেউ একাধিকবার সীমানার বাইরে শূন্যে লাফিয়েও বল হাত দিয়ে স্পর্শ করেন। এখন থেকে সেটা আর করা যাবে না। নিয়মে পরিবর্তন আনছে এমসিসি।
নতুন নিয়ম অনুযায়ী, একজন ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতরে ঢুকে ক্যাচ নিতে হবে। সীমানার বাহিরে একাধিকবার লাফিয়ে বল স্পর্শ করা যাবে না।
২০২৩ বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের একটি ক্যাচ বাউন্ডারির বাইরে গিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় লাফিয়ে বল ভেতরে পাঠিয়ে ক্যাচ নেন ব্রিসবেন হিটের মাইকেল নেসের। তখনই বিষয়টি আলোচনার জন্ম দেয়।
চলতি বছরের শুরুর দিকে ক্যাচ নেয়ার এই প্রশ্নবিদ্ধ নিয়মটি পুনরায় যাচাইয়ের জন্য এমসিসি কর্তৃপক্ষকে অনুরোধ জানায় আইসিসি। এরপর দু’পক্ষই এ নিয়ে একসাথে কাজ করে নিয়মটি হালনাগাদ করে।
শুধু তাই নয়, একাধিক ফিল্ডার মিলে ক্যাচ ধরার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হিবে। অর্থাৎ সতীর্থ ক্যাচ নেয়ার সময় বাউন্ডারির বাইরে থাকা ফিল্ডারকে সীমানার ভেতর ফিরতে হবে। না ফিরলে সেটাও ছক্কা বলে গণ্য হবে।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে নতুন এ নিয়ম কার্যকরের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে নিয়মটি সংযুক্ত হবে চলতি মাসেই। আর এমসিসির বিধিমালায় তক অন্তর্ভুক্ত হবে অক্টোবরে।