পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেও বেশ অনিশ্চয়তায় ছিলেন লিটন দাস, নাহিদ রানা, রিশাদ হোসেনরা। বোর্ডের অনাপত্তিপত্র নিয়ে শঙ্কায় ছিলেন তারা। তবে সব চাপ কেটে গেছে, অনাপত্তিত্র পেয়েছেন তিনজনেই।

আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের দশম আসরের। এর আগে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে দল পান লিটন দাস, নাহিদ রানা, রিশাদ হোসেন।

করাচি কিংসের হয়ে লিটন, পেশোয়ার জালমির হয়ে নাহিদ আর লাহোর কালান্দার্সের থেকে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। তবে দল পেলেও সামনে জিম্বাবুয়ে সিরিজ থাকায় তাদের খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়।

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ এপ্রিল শুরু হয়ে সিরিজ শেষ হবে ২ মে। ফলে তাদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে সমস্যার সমাধান হয়ে গেছে।

তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও টুর্নামেন্টের শুরুতে যেতে পারছেন না পেসার নাহিদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারপর পাকিস্তানের বিমান ধরবেন এই গতি তারকা।

সবকিছু ঠিক থাকলে ২৬ এপ্রিল পিএসএলের অভিষেক হতে পারে নাহিদের। তবে এর মধ্যে পেশোয়ার খেলে ফেলবে তাদের পাঁচটি ম্যাচ। এরপর বাকি ম্যাচগুলোতে খেলতে পারেন নাহিদ।

অন্যদিকে রিশাদ টেস্ট দলে না থাকায় আর লিটন দাস ছুটি পাওয়ায় তারা খেলবেন পুরো মৌসুমেই।