সময়টা বেশ ভালো যাচ্ছে বাংলাদেশ দলের। ব্যাটে-বলে দারুণ সময় কাটাচ্ছেন টাইগ্রেসরা। বিশ্বকাপের বাছাইপর্বে রীতিমতো উড়ছেন নিগার সুলতানারা। এর মাঝেই এলো নতুন সুখবর, র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অনেকেই।
বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ খেলছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে তারা। থাইল্যান্ড, আয়ারল্যান্ডের পর গতরাতে টাইগ্রেসদের শিকার স্কটল্যান্ড। আর মাত্র একটা জয় হলেই নিশ্চিত হবে বিশ্বকাপ।
ভালো খেলার স্বীকৃতি পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না। দলের একের পর সাফল্যে এবার সুখবর পেলেন নিগার সুলতানা, শারমিন আক্তার ও রাবেয়ারা। উঠে এসেছেন তাদের ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে।
বাছাইপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে এক সেঞ্চুরি আর এক ফিফটি হাঁকানো বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দিয়েছেন বড় লাফ। ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। যা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
প্রথম ম্যাচে নিগারের সাথে ১৫২ রানের জুটি গড়া শারমিন আক্তারও পেয়েছেন পুরস্কার। সেই ম্যাচে ৯৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটার ১১ ধাপ এগিয়ে উঠেছেন ২৯ নম্বরে।
অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৭ রানের ম্যাচ জেতানো রিতু ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৮৮ নম্বরে। আর বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন লেগ স্পিনার রাবেয়া খান। যা তার ক্যারিয়ারসেরা।
তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। পেসার মারুফা আক্তার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে।