সুপার লিগে জয়ের ধারা ধরে রেখে আবাহনী। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। জয়ের ধারায় ফিরেছে মোহামেডান ও গাজী গ্রুপ। তবে হারের বৃত্ত ভাঙতে পারেনি অগ্রণী ব্যাংক।
রোববার সুপার লিগে মাঠে নামে ৬ দল। যেখানে আবাহনী গুলশান ক্লাবকে ৫০ রানে, মোহামেডান অগ্রণী ব্যাংককে ও গাজী গ্রুপ লিজেন্ড অফ রূপগঞ্জকে হারিয়েছে সমান ৭ উইকেটে।
টেবিলের শীর্ষস্থানে থেকে সুপার লিগ শুরু করেছিল আবাহনী লিমিটেড। সুপার লিগেও টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দলটি। মিরপুরে আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে অল আউট হবার আগে ২৭৮ রান করে আবাহনী।
দলের হয়ে পারভেজ ইমন সর্বোচ্চ ৭০ বলে ৮৩ রান করেন। সমান ৭০ বলে ৪৫ রান করেন মোহাম্মদ মিথুন। ফরহাদ রেজা ও রায়ান আলি নেন ৩টা করে উইকেটে।
জবাব দিতে নেমে শেষ দিকে নিহাদুজ্জামান ৭৩ বলে অপরাজিত ৮২ রান করলেও মাত্র ২২৮ রান তুলতে পারে গুলশান। ৬১ বলে ৪২ রান করেন শাহরিয়ার। দুটো করে উইকেট নেন মোসাদ্দেক, মাহফুজুর, রাকিবুল ও মেহরাব।
অন্যদিকে বিকেএসপিতে আগে ব্যাট করে ২৪০ রানে থামে অগ্রণীর ইনিংস। সর্বোচ্চ ৪১ রান করেন ইমরুল কায়েস। অমিত হাসান ৪০ ও ইমরানুজ্জামান করে ৩৮ রান। বল হাতে সাইফুদ্দিন ৪ ও ইবাদত নেন ৩ উইকেট।
জবাবে খেলতে নেমে ৭ উইকেট আর ১৫.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় মোহামেডান। রনি তালুকদার একাই খেলেন ১০০ বলে ১২২ রানের ইনিংস বিধ্বংসী ইনিংস। আনিসুল ইসলাম করেন ৮২ বলে ৭৫ রান।
বিকেএসপির আরেক মাঠে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে লিজেন্ড অফ রূপগঞ্জকে হারিয়েছে গাজী গ্রুপ। আগে ব্যাট করে ৩৯.২ ওভারে ২২৩ রান করে রূপগঞ্জ। যেখানে তানজিদ তামিম ৫৩ বলে ৬৫ ও ৫২ রান করেন সাইফ হাসান।
জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪১ ওভারেই জিতে যায় গাজী গ্রুপ। বিজয় ১০৫ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন। যা আসরে তার তৃতীয় শতক। মোহাম্মদ সালমান করেন ৩৮ রান।