সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ছাড়া গত কয়েক বছরে ক্রিকেটে তেমন কোনো অর্জন নেই পাকিস্তান দলের। সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতেও ছিল ব্যর্থ।
সেই ব্যর্থতা কাটাতে অনেক কিছুতেই পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বদলেছে প্রধান কোচও, বদল এসেছে পরিকল্পনাতেও। যেই পরিকল্পনায় আপাতত টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম, রিজওয়ান ও শাহিন আফ্রিদি।
তরুণদের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে পিসিবি। সে কারণেই বাবর-রিজওয়ানদের ছাড়া নতুন কিছু চেষ্টা করে দেখতে চাইছে তারা। সুবাদে আসন্ন বাংলাদেশ সফরেও দলের সাথে থাকছে না অভিজ্ঞ এই তিন ক্রিকেটার।
ঈদের আগেই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফিরতি সিরিজ খেলতে আগামী জুলাই মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে সালমান আগার দলের।
তবে এই সিরিজে তিন সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে ছাড়াই মাঠে নামার কথা ভাবছে পাকিস্তান। অবশ্য ঘরের মাঠে শেষ সিরিজেও তাদের ছাড়াই খেলেছিল স্বাগতিকেরা।
বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজেও এই তিন তারকাকে মাঠের বাইরে রাখার পরিকল্পনা আছে পিসিবির। ফলে আগামী সপ্তাহে তাদের ছাড়াই স্কোয়াড ঘোষণা হতে পারে।
সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, বর্তমানে খুব একটা ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেই সুযোগে অভিজ্ঞদের বদলে তরুণদের যাচাই করে নিতে চান কোচ মাইক হেসন।
সূত্রের ভাষ্য, ‘পরিকল্পনাটা হলো আপাতত এই তিনজন টি-টোয়েন্টি দলের বাহিরে থাকবেন। পরিস্থিতি খারাপ হলে নির্বাচকেরা সব সময়ই বাবর, রিজওয়ান ও শাহিনকে ফেরাতে পারবেন।’
জুলাইয়ে বাংলাদেশে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। তবে যেকোনো এক পক্ষ থেকে দু’টি ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষনা হয়নি।
বাংলাদেশ সিরিজ শেষ করে লডারহিলে ১, ৩ ও ৪ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
আর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগস্টে আফগানিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।