হ্যামস্ট্রিং ইনজুরির কারনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন পাকিস্তানী ব্যাটার উসমান খাজা।

গত ২৯ মার্চ সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন খাজা। এমআরআই স্ক্যানে তার লো-গ্রেড ইনজুরি ধরা পড়েছে। এ কারনেই হ্যামিল্টনে আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারছেন না।

এই সিরিজের প্রথম ম্যাচে ওসমানের ওয়ানডে অভিষেক হয়েছে। ঐ ম্যাচে ৩৩ বলে তিনি ৩৯ রান করেছিলেন। প্রথম উইকেটে আব্দুল্লাহ শফিককে সাথে নিয়ে ৮৩ রানের জুটি গড়ে তুলেছিলেন। যদিও পাকিস্তান নিউজিল্যান্ডের ৩৪৫ রানের লক্ষ্য টপকাতে পারেনি।

ওয়ানডে ছাড়াও ইতোমধ্যেই খাজা ১৯টি টি২০ ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে টি২০’তে তার অভিষেক হয়। এই ফর্মেটে খাজা ৩ ও ৪ নম্বরে ব্যাট করে থাকেন।

উসমান খাজার অনুপস্থিতে ওপেনার হিসেবে পাকিস্তানের হাতে রয়েছেন ইমাম-উল-হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখর জামারের ইনজুরির সুবাদে ইমাম ওয়ানডে দলে ফিরেছেন।

বাসস