জয়ের খুব কাছে গিয়েও জিততে পারল না ব্রাদার্স। ষোলআনা রোমাঞ্চ ছড়িয়ে বৃষ্টি-ভাগ্যে হেরে গেছে তারা। বিপরীতে অনেকটা অবিশ্বাস্য জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। জয় পেয়েছে গাজী গ্রুপ ও ধানমন্ডি ক্লাব।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মিরপুরে জয়ের জন্য ব্রাদার্সের দরকার ৮ বলে ৮ রান। লিজেন্ডস অব রূপগঞ্জের প্রয়োজন ১ উইকেট। জমে উঠে লড়াই। তবে এমন সময় নামে বৃষ্টি। এরপর আর খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ১০ রানের জয় পায় রূপগঞ্জ।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে রূপগঞ্জ। দলের হয়ে ৭৯ বলে সর্বোচ্চ ৮০ রান করেন সৌম্য সরকার। ৫৫ বলে ৫৯ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। বিপরীতে ইয়াসির আরাফাত নেন তিন উইকেট।

রান তাড়ায় নেমে ব্রাদার্সের শুরুটা ভালো না হলেও ছন্দ খুঁজে পায় মাহফিজুল ইসলাম আর আইচ মোল্লার ব্যাটে। মাহফিজুল ১০৮ বলে ৭৬ ও ৭৩ বলে ৪৭ করে আউট হোন আইচ মোল্লা। ২৮ রান করেন করে জাহিদ।

এরপর মাইশুকুর রহমান আর সুমন খানের ব্যাটে জমে উঠে খেলা। মাইশুকুর ৩২ বলে ৪৬ রান করে আউট হলেও দারুণ ব্যাট করতে থাকেন সুমন। সুমন ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকতেই নামে বৃষ্টি। ফলে ব্যর্থ হয় তার চেষ্টা।

অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ৯৫ বলে ৯৭ রানের ইনিংসে রূপগঞ্জ টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি ক্লাব। এই জয়ে সুপার লিগের আশা বাঁচিয়ে রেখেছে তারা।

এদিন রূপগঞ্জের হয়ে ফিফটি করেন দেড় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচে ফেরা নাসির। ৮৪ বলে ৭৭ রান করে তিনি। এছাড়া আসাদুল্লাহ গালিব ৮০ বলে ৬৫ ও ২৮ বলে ৪৮ রান করেন আরিফুল হক। ৩ উইকেট নেন ফজলে রাব্বি।

জবাবে নুরুল হাসান সোহান ছাড়াও ধানমন্ডির হয়ে রান পেয়েছেন ফজলে রাব্বি (৪৭), আজমির আহমেদ (৪০) ও হাবিবুর রহমান (৩৩)। আর ৪০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন ইয়াসির আলি।

দিনের অন্য ম্যাচে পারটেক্সের বিপক্ষে ১৭০ রানের বিশাল জয় পেয়েছে গাজী গ্রুপ। পারিশ্রমিক বুঝে না পাওয়ায় এ দিন পূর্ব ঘোষণা মতো মাঠে ছিলেন না পারটেক্সের নিয়মিত ক্রিকেটররা। ফলে গাজী গ্রুপের বড় জয় অবধারিতই ছিল।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ৭৮, সাব্বির হোসেন ৬৪ ও শামিম করেন ৫৩ রান। জবাবে আদিল ৫৩ রান করলেও ৩১.৫ ওভারে ১৩২ রানে অলআউট হয় পারটেক্স।